দুর্গাপুরে যুবককে খুনের অভিযোগে নিউটাউনশীপ থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করল। মৃত যুবকের এই বন্ধুকে জেরা করে পুলিশ অনেক তথ্য জানার চেষ্টা করছে।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=পুরোনো রাগ আর তার জেরেই কি বন্ধুকে খুন করল গুরজিন্দর সিং? এখন ধৃত এই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে এই বিষয়টি খোলসা করে জানতে চাইছে পুলিশ।
নবমীর রাতে দুর্গাপুরের নিউটাউনশীপ থানার অধীন এ. বি. এল ডাকঘর সংলগ্ন একটি ফুটবল মাঠে গুরজিন্দর সিং ও তার বন্ধু সুবোধ প্রসাদ রায় একসাথে বসে গল্প করছিল, সাথে ছিল আরো কয়েকজন। হটাৎই বছর তিরিশের সুবোধ প্রসাদ রায়ের সাথে গুরিজিন্দর সিংয়ের কথা কাটাকাটি শুরু হয়,
এরপরই ঘটে যায় নির্মম সেই ঘটনা। এবিএল টাউনশীপের এল. আর টাইপের বাসিন্দা স্থানীয় জি. ই কারখানার ঠিকা শ্রমিক সুবোধের রক্তাত্ব দেহ নবমীর রাতে উদ্ধার করে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সুবোধের পরিবারের দাবী ছিল এবিএল টাউনশীপ সংলগ্ন সূর্য্য সেন কলোনীর বাসিন্দা এই গুরজিন্দর সিং সুবোধকে খুন করেছে। এরপর তদন্তে নেমে নিউটাউনশীপ থানার পুলিশ গুরজিন্দর সিংকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতে তোলে।
সুবোধের গলাতে ধারালো কোনো অস্ত্রের আঘাতের গভীর ক্ষতের চিহ্ন রয়েছে, পুলিশ এই সূত্র ধরে তদন্তকে এখন এগিয়ে নিয়ে যেতে চাইছে। নিউটাউনশীপ থানার আধিকারিক বিজন সমাদ্দার জানিয়েছেন, আমরা সুবোধের ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি,
গুরজিন্দরকে নিজেদের হেফাজতে নিয়ে খুব তাড়াতাড়ি এই অপরাধের কিনারা করতে পারা যাবে বলে আসানসোল দুর্গাপুর পুলিশের এই আধিকারিক জানিয়েছেন।
আর মৃত সুবোধের পরিবার এখন সুবিচারের দাবী আর অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।
Comments
Post a Comment